Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / কিশোরগঞ্জ / সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কটিয়াদী প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু - Chief TV

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কটিয়াদী প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু - Chief TV

2026-03-09  মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ প্রতিনিধি  51 views
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কটিয়াদী প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু - Chief TV

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাচ্চু মিয়া (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে আল তোয়াইক বলদিয়া কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। জীবিকার তাগিদে কয়েক বছর আগে তিনি প্রবাসে পাড়ি জমান।

স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা গেছে, রবিবার ইফতারের আগে শ্রমিকদের আবাসিক ক্যাম্পে হঠাৎ একটি মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে অবস্থানরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই বাচ্চু মিয়ার মৃত্যু হয়।

সোমবার (৯ মার্চ) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার। সৌদি আরবে তার সাথে কর্মরত সহকর্মীরা বলেন ঘটনার সময় বাচ্চু মিয়া কর্মস্থলের ক্যাম্পেই অবস্থান করছিলেন। বিস্ফোরণের পর সহকর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। প্রবাসে তার এমন আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে বাচ্চু মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি পশ্চিম ফেকামারা এলাকায় শোকের আবহ তৈরি হয়। মরহুমের আত্মীয় স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়াও সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ নিহতের বাড়িতে এসে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।


Share:

Single Page