Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / সরে দাঁড়ালেন ৩০৫ জন, প্রতীক পাচ্ছেন ১৯৬৭ প্রার্থী - Chief TV

সরে দাঁড়ালেন ৩০৫ জন, প্রতীক পাচ্ছেন ১৯৬৭ প্রার্থী - Chief TV

2026-01-21  ডেস্ক রিপোর্ট  115 views
সরে দাঁড়ালেন ৩০৫ জন, প্রতীক পাচ্ছেন ১৯৬৭ প্রার্থী - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৮টি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার ৩০৫ জন প্রার্থী সরে দাঁড়ানোয় চূড়ান্ত প্রার্থীর এই সংখ্যা নির্ধারিত হয়েছে।

বুধবার নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দিচ্ছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের শেষ ধাপের প্রস্তুতি শুরু হলো। আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা মাঠে নামবেন প্রচারণায়। এই প্রচার কার্যক্রম ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে ২৯৮টি আসনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে অধিকাংশই দলীয় হলেও শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এর আগে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৮৯৬ জন। সে হিসেবে এবার প্রার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে পাবনা-১ ও পাবনা-২ আসনে আদালতের নির্দেশে সংশোধিত তফসিল কার্যকর হওয়ায় এই দুটি আসনের হিসাব আপাতত মূল তালিকার বাইরে রাখা হয়েছে।

নির্বাচনের প্রস্তুতির আগের ধাপগুলোতে দেখা যায়, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বাছাই প্রক্রিয়ায় ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫ জন প্রার্থী আপিল করলে শুনানি শেষে ৪৩১ জন প্রার্থিতা ফিরে পান। সর্বশেষ পর্যায়ে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ৩০৫ জন সরে দাঁড়ান। এর ফলেই এখন ভোটের মাঠে থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী।

নির্বাচন কমিশন জানিয়েছে, রিটার্নিং অফিসারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রচারণা শুরু হলেও কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

উল্লেখ্য, পাবনা-১ ও পাবনা-২ আসনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে সংশোধিত তফসিলে নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন তফসিল অনুযায়ী, গত রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাবনা-১ আসনে ৭টি এবং পাবনা-২ আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্ধারিত সময় অনুযায়ী এসব আসনের প্রার্থীরাও পরবর্তীতে চূড়ান্ত প্রতিযোগিতায় যুক্ত হবেন।


Share: