Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ মারা খাম লাগিয়ে পালাল বাইকার - Chief TV

তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ মারা খাম লাগিয়ে পালাল বাইকার - Chief TV

2026-01-18  ডেস্ক রিপোর্ট  176 views
তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ মারা খাম লাগিয়ে পালাল বাইকার - Chief TV

রাজধানীর গুলশানে বুধবার রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরকে ঘিরে একটি রহস্যজনক ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় তার বুলেটপ্রুফ গাড়ির গায়ে একটি কাগজ সেঁটে দিয়ে মোটরসাইকেলযোগে এক ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি নিয়ে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে, তবে এখনো ওই মোটরসাইকেল আরোহীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের একটি মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ সেঁটে দেন এবং সঙ্গে সঙ্গে দ্রুত চলে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে বিএনপির নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। পরে বিষয়টি জানার পর পুলিশ নিজেরাই জিডি করে তদন্ত কার্যক্রম শুরু করে।

এ বিষয়ে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম বলেন, ঘটনার তদন্ত চলছে। কাগজ বা খামের ভেতরে কী লেখা ছিল, সে তথ্য পুলিশ পায়নি। সেটি বর্তমানে সিএসএফের হেফাজতে রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ঘটনার আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, এক বাইকার গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত সরে যান। তবে ভিডিওর মান স্পষ্ট না হওয়ায় এখনো ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।


Share: