Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ঘিরে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন - Chief TV

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ঘিরে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন - Chief TV

2026-06-25  মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ  26 views
ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ঘিরে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন - Chief TV

আগামী ২৮ জুন ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়, পঞ্চগড়ের বাস্তবায়নে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আগামী ২৮ জুন জেলার পাঁচটি উপজেলা ও একটি পৌরসভায় একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এদিন জেলার মোট ১ লাখ ৭১ হাজার ৪১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৭৯৩ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫১ হাজার ৬১৭ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিশুদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুলের প্রয়োজনীয়তা ও উপকারিতা তুলে ধরেন ডা. জান্নাতুন ফেরদৌস নিতু। তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাম্পেইন সফল করতে জেলার ৫টি উপজেলা ও ১টি পৌরসভায় মোট ১ হাজার ৭৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ২ হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবক।

উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশুই যেন এ কার্যক্রমের বাইরে না থাকে, সে লক্ষ্যে জেলার সব অভিভাবককে সচেতন করতে গণমাধ্যমকর্মীদের ব্যাপক প্রচারণার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ (UNICEF), ওয়ার্ল্ড ভিশন, হেলেন কেলার ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় উন্নয়ন সহযোগী সংস্থা কারিগরি সহায়তা প্রদান করছে।


Share: