Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খেলাধুলা / টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ - Chief TV

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ - Chief TV

2026-01-27  ডেস্ক রিপোর্ট  152 views
টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ - Chief TV

টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলমান নাটক এবার নতুন মোড় নিয়েছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। বাংলাদেশের পরিবর্তে এবারের আসরে জায়গা পায় স্কটল্যান্ড।

তবে পরিস্থিতি এখন আবার পাল্টাতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চাইলে বাংলাদেশকে পুনরায় বিশ্বকাপে ফিরিয়ে আনতে পারে—আর সেই সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে পাকিস্তানের অবস্থানের ওপর।

বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে বিশ্বকাপ বর্জনের কথা বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর আগামী শুক্রবার অথবা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। পাকিস্তান যদি সরে দাঁড়ায়, তাহলে বাংলাদেশের ফেরার পথ খুলে যাবে।

বর্তমানে পাকিস্তান ‘এ’ গ্রুপে রয়েছে এবং তাদের সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলঙ্কায়। পাকিস্তান বাদ পড়লে সেই গ্রুপে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হতে পারে। সে ক্ষেত্রে বিসিবির দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সব ম্যাচই শ্রীলঙ্কায় আয়োজন করা সম্ভব হবে।

এক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে প্রথম বিকল্প হিসেবে বাংলাদেশকেই বিবেচনায় নেওয়া হবে। সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে জানানো হয়, এতে আয়োজকদের জন্য লজিস্টিক ব্যবস্থাপনাও তুলনামূলক সহজ হবে।

বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে পাকিস্তান নতুন করে সিদ্ধান্ত ভাবতে পারে। কারণ বাংলাদেশের জন্য টুর্নামেন্ট বর্জন করে শেষ পর্যন্ত যদি বাংলাদেশই তাদের জায়গায় খেলে, সেটি পাকিস্তানের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়াতে পারে। তাই আইসিসি কৌশলগতভাবেই বিষয়টি সামনে রেখেছে বলে মনে করছেন অনেকেই।

এখন সব চোখ পাকিস্তানের সিদ্ধান্তের দিকে। তাদের অবস্থানের ওপরই নির্ভর করছে—টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আবার ফিরবে কি না।


Share: