Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ৫ আগস্টের মতো ১২ ফেব্রুয়ারিও সফল হবো - Chief TV

৫ আগস্টের মতো ১২ ফেব্রুয়ারিও সফল হবো - Chief TV

2026-02-08  ডেস্ক রিপোর্ট  100 views
৫ আগস্টের মতো ১২ ফেব্রুয়ারিও সফল হবো - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ঘরে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন ১০ দলীয় ঐক্যজোটের ঢাকা–১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তরুণ সমাজ সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং নির্বাচনের দিন সফলতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার রাজধানীর বাড্ডায় ১০ দলীয় ঐক্যজোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় নাহিদ ইসলাম বলেন, “আমরা যেভাবে ৫ আগস্ট সফল করেছি, ঠিক সেভাবেই ১২ ফেব্রুয়ারিও সফল করব। ইনশাআল্লাহ, নির্বাচনের দিন বিজয় নিয়ে ঘরে ফিরব।”

তিনি আরও বলেন, ১০ দলীয় ঐক্যজোট শুধু ঢাকা–১১ আসনেই নয়, বরং সারাদেশে বিজয়ের ব্যাপারে আশাবাদী। তার ভাষায়, “এই ঐক্যজোট সরকার গঠনের ঐক্যজোট এবং আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার শক্তি।”

নাহিদ ইসলাম ভোটারদের উদ্দেশে বলেন, সারাদেশে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও প্রতীককে সমর্থন দিয়ে জয় নিশ্চিত করতে হবে। তিনি জানান, দেশের বিভিন্ন জায়গায় যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সবাইকে সহযোগিতা ও ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

ঢাকা–১১ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক কারণে এই এলাকার উন্নয়ন দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে ভূমিদস্যুতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, শত শত মানুষের জমি, খাস জমি ও সাধারণ জলাশয় অবৈধভাবে দখল করে ভরাট করা হয়েছে, যার ফলে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচিত হলে তিনি এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য দূর করতে কাজ করবেন। “যারা ভূমি হারিয়েছেন, তাদের জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। তা সম্ভব না হলে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে,”—এমন প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, ঢাকা–১১ আসন থেকে ভূমিদস্যুদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে এবং এলাকাকে দখলদারত্ব, আধিপত্যবাদ ও সন্ত্রাসমুক্ত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।


Share: