মাগুরার শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্তত ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাশালিয়া গ্রামের আব্দুর রশিদের সঙ্গে একই এলাকার আকবর মণ্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে গত সোমবার প্রতিপক্ষের হামলায় আকবর মণ্ডল নিহত হন। ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট পক্ষের অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে যান।
শনিবার সকালে নিহত আকবর মণ্ডলের ছেলে হাসান আলীর নেতৃত্বে প্রতিপক্ষের লোকজনের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় অন্তত ২০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।