Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / নারায়ণগঞ্জ / সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ–যুবলীগের ৪০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা, ১২ জন গ্রেপ্তার - Chief TV

সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ–যুবলীগের ৪০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা, ১২ জন গ্রেপ্তার - Chief TV

2026-06-27  ডেস্ক রিপোর্ট  26 views
সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ–যুবলীগের ৪০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা, ১২ জন গ্রেপ্তার - Chief TV

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহ আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৬ জুন দুপুরে সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা গোপনে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ সময় পাঁচটি উস্কানিমূলক পোস্টার জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. সোহাগ (১৯), আনিস সরকার (১৮), মো. সাব্বির হোসেন (২০), মো. আবির হোসেন (২৭), তন্ময় (১৮), ওয়ালিদ (১৮), মাহফুজ আলম (১৮), আবিদ (১৮), ইমতিয়াজ আহমেদ ইমন (১৮), তাওহিদ ইসলাম (১৮), মো. রিয়াদ (১৮) ও মো. সোহেল (১৯)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, আটক ১২ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


Share: