Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / টাঙ্গাইল / ৫৫ বছর পরও কাঁচা রাস্তা, পাকা করার দাবিতে সড়কে ধানের চারা রোপণ - Chief TV

৫৫ বছর পরও কাঁচা রাস্তা, পাকা করার দাবিতে সড়কে ধানের চারা রোপণ - Chief TV

2026-06-14  ডেস্ক রিপোর্ট  25 views
৫৫ বছর পরও কাঁচা রাস্তা, পাকা করার দাবিতে সড়কে ধানের চারা রোপণ - Chief TV
টাঙ্গাইলের মির্জাপুরে দীর্ঘ চার দশকেও একটি গুরুত্বপূর্ণ রাস্তা পাকা না হওয়ায় অভিনব প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের খন্দকার পাড়া মসজিদের সামনের কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে তাঁরা এই ক্ষোভ প্রকাশ করেন।
 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দেশ স্বাধীনের ৫৫ বছর পেরিয়ে গেলেও চাঁনপুর ব্রিজ থেকে ভুলুয়া ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তাটি পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর তৈরি এই রাস্তার আশপাশের বিভিন্ন অংশ পাকা করা হলেও, অলৌকিক কারণে এই অংশটুকু অবহেলিত রয়ে গেছে।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, এই কাঁচা রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত অবাধে মাটি ও ইট বোঝাই ভারী ট্রাক চলাচল করে। ফলে রাস্তার অধিকাংশ স্থানে দুই পাশে দেবে গিয়ে মাঝখানে উঁচু ঢিবির সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদার সাগরে পরিণত হয়, যা সাধারণ মানুষের চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।
 
রাস্তা খারাপ থাকার কারণে গ্রামের কোনো জরুরি রোগীকে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। এমনকি গ্রামে কেউ মারা গেলে লাশ কাঁধে নিয়ে কবরস্থানে যেতেও সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে তদবির করেও কোনো সুরাহা না পেয়ে রোববার স্থানীয় যুবক ফজলে রাব্বিসহ গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা রোপণ করে এই প্রতীকী প্রতিবাদ জানান।

স্থানীয়রা আরও জানান, চাঁনপুর-হাটুভাঙা সড়কের এই অংশটি মির্জাপুর কলেজ, গোড়াই উচ্চ বিদ্যালয় ও লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর যাতায়াতের একমাত্র মাধ্যম। এছাড়া হাঁটুভাঙ্গা ও সোহাগপুর বাজারের ব্যবসায়ীসহ হাজারো মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করেন।
 
লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাস্তার আশপাশে পাঁচটি ইটভাটা থাকায় ভারী যানবাহনের কারণে কাঁচা সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
তবে রাস্তাটুকু দ্রুত পাকাকরণের জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে একটি প্রকল্প পাঠানো হয়েছে, যা খুব শীঘ্রই অনুমোদন পাবে এবং দ্রুতই রাস্তার নির্মাণকাজ শুরু হবে।

Share: