Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন - Chief TV

আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন - Chief TV

2026-02-24  ডেস্ক রিপোর্ট  85 views
আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন - Chief TV

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে চলতি বছরের প্রথম অধিবেশন শুরু হবে।

গতকাল সোমবার সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির এই আদেশ জারির তথ্য জানানো হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন।

উল্লেখ্য, এটি নবনির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী, নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। এর পর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা।

সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সরকারিভাবে প্রকাশ করা হয় ১৩ ফেব্রুয়ারি। সেই হিসাবে আগামী ১৫ মার্চের মধ্যেই এই সংসদের প্রথম অধিবেশন বসতে হবে।

এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিতিতে অধিবেশনের প্রথম দিনের বৈঠকে কে সভাপতিত্ব করবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টপরবর্তী সময়ে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। এ ছাড়া ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে রয়েছেন। ফলে এবার সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদের কার্যপ্রণালি বিধিতে এ ধরনের পরিস্থিতিতে অধিবেশনের সভাপতিত্বের বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই। তবে স্বাধীনতার পর প্রথম সংসদে জ্যেষ্ঠ সদস্যকে দায়িত্ব দিয়ে স্পিকার নির্বাচনের নজির রয়েছে। এবারও সেই পদ্ধতি অনুসরণ করা হতে পারে বলে জানা গেছে।


Share: