Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আন্তর্জাতিক / আরও ৩ দেশকে হুমকি দিলেন ট্রাম্প - Chief TV

আরও ৩ দেশকে হুমকি দিলেন ট্রাম্প - Chief TV

2026-01-05  ডেস্ক রিপোর্ট  82 views
আরও ৩ দেশকে হুমকি দিলেন ট্রাম্প - Chief TV

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার পর লাতিন আমেরিকার আরও তিনটি দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে তিনি মেক্সিকো, কলম্বিয়া ও কিউবার নাম উল্লেখ করেছেন।

শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের সরকারি বাসভবনের শয়নকক্ষ থেকে মাদুরো ও সিলিয়াকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে নেওয়া হয়। বর্তমানে তাঁরা নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন বলে জানানো হয়েছে।

মাদুরো দম্পতিকে যুক্তরাষ্ট্রে নেওয়ার কয়েক ঘণ্টা পর টেলিফোনে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার পর মেক্সিকো, কলম্বিয়া ও কিউবাতেও মার্কিন বাহিনীর সামরিক অভিযান চালানো হতে পারে। এ সময় তিনি প্রথমেই কলম্বিয়ার প্রসঙ্গ তোলেন।

ট্রাম্প দাবি করেন, নিকোলাস মাদুরো একজন ‘মাদক সন্ত্রাসী’ এবং একই অভিযোগ তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধেও করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রেসিডেন্ট পেত্রোর সঙ্গে কোকেন উৎপাদনের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং সেই কোকেন যুক্তরাষ্ট্রে পাচার করা হয়। ট্রাম্প বলেন, এ অবস্থায় কলম্বিয়ার প্রেসিডেন্টের উচিত নিজের অবস্থান নিয়ে নতুন করে ভাবা।

কিউবা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটি একটি ব্যর্থ রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র সেখানে এমন পদক্ষেপ নিতে চায়, যা শেষ পর্যন্ত সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছাবে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র কিউবার জনগণের পাশে দাঁড়াতে চায়—যাঁরা দেশ ছেড়ে পালিয়ে এসেছেন কিংবা যাঁরা এখনো সেখানে বসবাস করতে বাধ্য হচ্ছেন।

মেক্সিকো প্রসঙ্গে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সঙ্গে জড়িত অপরাধী চক্রগুলোর প্রধান ঘাঁটি মেক্সিকোতে এবং কার্যত তারাই দেশটি নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম এসব গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সাহস পাচ্ছেন না। ট্রাম্প দাবি করেন, তিনি একাধিকবার মেক্সিকোকে ওই গ্যাং দমনে সহায়তার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে।

ট্রাম্পের এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরপরই ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মেক্সিকো, কিউবা ও কলম্বিয়া।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল দীর্ঘদিন শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ছিল। যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে বলে তারা মনে করে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল ভেনেজুয়েলায় মার্কিন অভিযানকে কাপুরুষোচিত, অপরাধমূলক ও বিশ্বাসঘাতকতার শামিল বলে মন্তব্য করেন।

এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানান, তাঁর দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছে এবং প্রয়োজনে যে কোনো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে।


Share:

Single Page