দক্ষিণ-পূর্ব এশিয়ার তিদোং নৃগোষ্ঠী মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে বিয়ের পর নবদম্পতিকে ৭২ ঘণ্টা বা তিন দিন টয়লেট ব্যবহার না করার নিয়ম মানার প্রথা অনুসরণ করে। এ বিশ্বাস অনুযায়ী, এই নিয়ম পালন করলে দাম্পত্য জীবন হবে শান্তিপূর্ণ, দীর্ঘস্থায়ী ও কলহমুক্ত।
বিয়ের আনুষ্ঠানিকতার পর নবদম্পতিকে একটি নির্দিষ্ট ঘরে রাখা হয়। তারা বাইরে যেতে পারে না, কোনো শারীরিক পরিশ্রম করা যাবে না এবং খাদ্য ও পানীয়ও সীমিত থাকে। আত্মীয়স্বজন সার্বক্ষণিক নজরদারি করেন যাতে কেউ নিয়ম ভঙ্গ না করে।
তিদোং সমাজে বিবাহ শুধু দু’জন মানুষের সম্পর্ক নয়, বরং দুটি পরিবার বা পুরো সম্প্রদায়ের বন্ধনের প্রতীক। নিয়ম ভঙ্গ করলে দাম্পত্যে অশান্তি বা দুর্ভাগ্য আসতে পারে বলে বিশ্বাস করা হয়। যারা সফলভাবে তিন দিন পার করেন, তাদের সংসারকে আশীর্বাদপুষ্ট মনে করা হয়।
নৃগবেষকদের মতে, এই প্রথার ইতিহাস কয়েকশ বছর পুরনো। তবে চিকিৎসাবিজ্ঞানে দীর্ঘ সময় প্রস্রাব বা মলত্যাগ না করাকে ক্ষতিকর বলা হয়েছে। আধুনিক সময়ে অনেক পরিবার নিয়মটি শিথিলভাবে পালন করে, প্রয়োজন হলে টয়লেট ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
তিদোং সমাজে এই তিন দিনের সময়কে নতুন জীবনের সূচনা এবং ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা হিসেবে দেখা হয়। বাইরের চোখে অদ্ভুত হলেও, এটি তাদের সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যের অংশ হিসেবে এখনো টিকে আছে।