দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দ্বিতীয় সভায় এসব অনুমোদন দেওয়া হয়।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে উত্থাপিত মোট চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন পায়।
সয়াবিন তেল সংগ্রহ:
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সরকার স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (ওটিএম) পদ্ধতিতে ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল সংগ্রহ করবে। এতে মোট ব্যয় হবে প্রায় ১৮০ কোটি ৮৫ লাখ টাকা। সে হিসাবে প্রতি লিটার তেলের দাম দাঁড়াচ্ছে ১৮০ টাকা ৮৫ পয়সা।
ইউরিয়া সার আমদানি:
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের আলোকে ২০২৫–২৬ অর্থবছরের ১৬তম লট হিসেবে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৯১ কোটি ৪১ লাখ টাকা এবং প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯০ মার্কিন ডলার।
চালক প্রশিক্ষণ কার্যক্রম:
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের আওতায় বাণিজ্যিক চালক প্রশিক্ষণের (নন-কনসালটেন্সি সার্ভিস) দায়িত্ব বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনকে (বিআরটিসি) দেওয়া হয়েছে। প্যাকেজ নম্বর এসপি (বিআরটিএ)-০৪-এর আওতায় এ কাজে ব্যয় হবে প্রায় ২৩০ কোটি ৭২ লাখ টাকা।
নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ:
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আরেকটি প্রস্তাবে বরিশাল (দিনারেরপুল)-লক্ষ্মীপাশা-দুমকী সড়কের ২৭তম কিলোমিটারে পান্ডব-পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণের বিষয়টি অনুমোদন পায়। এতে অ্যাপ্রোচ রোড, সার্ভিস রোড, নদী শাসন কাজ, টোল প্লাজা, ইলেক্ট্রো-মেকানিক্যাল এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকল্পটি বাংলাদেশ সরকার ও ওপেক ফান্ডের যৌথ অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর বাস্তবায়ন করবে। বিস্তারিত আলোচনার পর প্যাকেজ নম্বর পিডব্লিউ-০১-এর কাজ বাস্তবায়নের জন্য চীনের ‘চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন’ (সিআরবিসি)-কে নির্বাচিত করা হয়েছে। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৮৯৯ কোটি ৬২ লাখ টাকা।