দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি। সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ রোববার (২১ জুন) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটিই তার প্রথম কোনো বৈদেশিক সফর।
প্রধানমন্ত্রীর এই সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং অনিয়মিত কর্মীদের নিয়মিত করার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা, শিক্ষা ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে বর্ণাঢ্য সাজে সেজেছে কুয়ালালামপুর। প্রধান প্রধান সড়কে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা শোভা পাচ্ছে। এই সফরকে ঘিরে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে অবস্থান করবেন। সেখানে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ শ্রমিকদের সঙ্গে তার মতবিনিময়ের কথা রয়েছে। এছাড়া মালয়েশিয়ার বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিনসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১২ লাখ বাংলাদেশি বসবাস করছেন। প্রবাসীদের আশা, এই সফরের মাধ্যমে সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা, অনিয়মিত কর্মীদের বৈধতার সুযোগসহ কর্মী নিয়োগব্যবস্থায় একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ তৈরি হবে।