যুক্তরাষ্ট্র জাতিসংঘ-সংশ্লিষ্ট সংস্থাসহ মোট প্রায় ৬৬টি আন্তর্জাতিক সংগঠন থেকে নিজেদের সম্পৃক্ততা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা এক নির্বাহী আদেশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আল জাজিরা ও দ্য গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) ট্রাম্প একটি নির্বাহী আদেশে এসব আন্তর্জাতিক সংস্থা, এজেন্সি ও কমিশনে যুক্তরাষ্ট্রের অর্থায়ন ও সমর্থন স্থগিত করার নির্দেশ দেন। এর আগে তিনি এসব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও কার্যকারিতা পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন।
একই দিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, প্রশাসনের পর্যালোচনায় দেখা গেছে—এই সংস্থাগুলোর অনেকগুলোই যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থী এবং দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ নম্বর ১৪১৯৯-এর আওতায় এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। পর্যালোচনায় এসব সংস্থার কার্যক্রমকে লক্ষ্যহীন, দুর্বল ব্যবস্থাপনায় পরিচালিত এবং কিছু ক্ষেত্রে বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে চিহ্নিত করা হয়েছে।
মার্কো রুবিও বলেন, মার্কিন করদাতাদের অর্থ এমন কোনো প্রতিষ্ঠানে ব্যয় করা হবে না, যেখান থেকে যুক্তরাষ্ট্র বা তার জনগণের কোনো বাস্তব উপকার আসে না। বিদেশি স্বার্থে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের যুগ শেষ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, একসময় শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার উদ্দেশ্যে গড়ে ওঠা এসব সংস্থা এখন একটি বৃহৎ বৈশ্বিক শাসন কাঠামোতে পরিণত হয়েছে। অভিযোগ করা হয়, এসব প্রতিষ্ঠানে প্রগতিশীল মতাদর্শ, জলবায়ু ইস্যু ও জেন্ডার সমতার মতো বিষয়কে অগ্রাধিকার দিয়ে মূল জাতীয় স্বার্থ থেকে সরে যাওয়া হয়েছে।
রুবিও দাবি করেন, এসব সংস্থা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সীমিত করার চেষ্টা করছে। ইউএসএআইডি বন্ধের ধারাবাহিকতায় এবার বহুপাক্ষিক আন্তর্জাতিক সংস্থাগুলোর এই বিস্তৃত নেটওয়ার্ক ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে বিবৃতিতে জানানো হয়, যেসব সংস্থার কার্যক্রম সরাসরি মার্কিন জনগণের স্বার্থ রক্ষা করে, সেসব ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম বর্তমানে পর্যালোচনার আওতায় রয়েছে বলেও উল্লেখ করা হয়।
হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্র যে ৬৬টি সংস্থা থেকে সরে দাঁড়াচ্ছে তার মধ্যে ৩১টি জাতিসংঘ-সংশ্লিষ্ট এবং বাকি ৩৫টি অন্যান্য আন্তর্জাতিক সংগঠন।