Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - Chief TV

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - Chief TV

2026-06-13  ডেস্ক রিপোর্ট  35 views
বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - Chief TV
উপকূলীয় জেলা কক্সবাজারে এক সংক্ষিপ্ত সফরে এসে ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন ও দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
 
শনিবার সকাল ৯টায় রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে সকাল ১০টায় তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এরপর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল পৌনে ১১টায় তিনি পিএমখালীর পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
 
উল্লেখ্য, এই পাতলী খালটি একটি ঐতিহাসিক স্মারক; ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, এটি তারই অংশ।
 
এর আগে ১৯৭৯ সালের নভেম্বর মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এই খাল খনন উদ্বোধনে এসেছিলেন, যার ধারাবাহিকতায় এবার এর পুনঃখনন কাজ শুরু হলো।

পাতলী খালের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে নতুন করে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা করেন।
 
এবারের সফরে তাঁর অন্যতম প্রধান ও আবেগঘন কর্মসূচি ছিল জুলাই গণ-অভ্যুত্থানে নিহত কক্সবাজারের বীর শহিদ ওয়াসীমের কবর জিয়ারত এবং তাঁর শোকার্ত পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে সমবেদনা জানানো।
 
এছাড়া এই জেলা সফরকালে তিনি পেকুয়া পৌরসভা ও নবগঠিত মাতামুহুরী উপজেলার অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
 
প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং পুরো কক্সবাজার জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Share: