জনগণের জন্য যে বাজেটে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যে বাজেটের মাধ্যমে আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে একদল চানাচুরের সাথে তুলনা করেছে। যে বাজেটে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়েছে, সেটিকে গণবিরোধী বলে তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না।
যারা প্রশ্ন তোলেন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসবে, তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে না। জনগণের টাকা দিয়েই জনগণের উন্নয়ন করা হবে এবং টাকার কোনো অভাব হবে না।
এ সময় তিনি জানান, আগামী ১ বছরের মধ্যে চা বাগানের সকল নারী শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এর পাশাপাশি, মোট ৪০ লাখ পরিবারের কাছে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।
তিনি আরও জানান, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী ৫ বছরের মধ্যে উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় রূপান্তর করা হবে। এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে, যাতে উপজেলার সাধারণ মানুষ সহজেই স্বাস্থ্যসেবা পেতে পারেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি হলো মানুষের পাশে দাঁড়ানো এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাই সরকারের একমাত্র লক্ষ্য। একই সাথে, বিগত সময়ে যারা টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে আজ থেকেই কঠোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।