টানা কয়েক দিনের ভারী বর্ষণের কারণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও নীল দিগন্ত পর্যটনকেন্দ্রের মাঝামাঝি এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে থানচির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
সোমবার সকালে পাহাড়ের মাটি ধসে সড়কের ওপর পড়ে গেলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সড়ক থেকে মাটি সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করার কাজ শুরু করেন।
বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ধসের কারণে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। দ্রুত সড়ক পরিষ্কার করে যান চলাচল পুনরায় স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
এদিকে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার অনুরোধ জানানো হয়েছে।