টানা ভারী বৃষ্টিপাতের কারণে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত চার দিনের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সোমবার রাতে জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানা ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি ও সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ বন্ধ থাকবে।
জেলা প্রশাসন সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।