Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / মুন্সিগঞ্জ / বাঙালিদের ফুটবল ভালোবাসায় মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত - Chief TV

বাঙালিদের ফুটবল ভালোবাসায় মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত - Chief TV

2026-06-27  ডেস্ক রিপোর্ট  23 views
বাঙালিদের ফুটবল ভালোবাসায় মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত - Chief TV

বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও উচ্ছ্বাসে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, একদিন বাংলাদেশও ফুটবল বিশ্বকাপের আসরে অংশ নিতে পারবে।

শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাপাড় সংলগ্ন শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডে ইজারাদারদের উদ্যোগে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন তিনি। স্থানীয় ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

৮ জন করে খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত এই ম্যাচে এক দলের নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং অন্য দলের নেতৃত্ব দেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। নির্ধারিত সময়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হলে টাইব্রেকারে গিয়ে খেলার সমাপ্তি ঘটে।

ম্যাচ দেখতে ও রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে জেলার বিভিন্ন স্থান থেকে শত শত আর্জেন্টিনা সমর্থক শিমুলিয়া ঘাটে ভিড় করেন। প্রিয় দলের প্রতিনিধির সঙ্গে সময় কাটাতে পেরে তারা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।

খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্সেলো কার্লোস সেসা বলেন, বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ফুটবলে আরও এগিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপে অংশ নেবে।

প্রীতি ম্যাচ শেষে তিনি পদ্মা নদীর সৌন্দর্য ও পদ্মা সেতু এলাকা ঘুরে দেখেন এবং উপস্থিত দর্শক ও সমর্থকদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

স্থানীয় আয়োজকরা জানান, এমন ব্যতিক্রমী আয়োজন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে।


Share: