দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সম্প্রতি মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’। ২১ জুন মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক ও সমালোচকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গল্পের আবেগঘন উপস্থাপনা ও শিল্পীদের শক্তিশালী অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে।
গত ২৫ জুন সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্রটির কলাকুশলী, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন। প্রদর্শনী শুরুর আগে সম্পাদক ময়ূখ বারীর বাবার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রদর্শনী শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদ্যা সিনহা মিম। পর্দার বাবা–মেয়ের সম্পর্কের টানাপোড়েন এবং গল্পের আবেগ বাস্তব জীবনের অনুভূতির সঙ্গে মিশে যাওয়ায় তিনি কান্না ধরে রাখতে পারেননি। একইভাবে সহশিল্পী খায়রুল আলম সবুজও আবেগঘন প্রতিক্রিয়া জানান।
বিশেষ প্রদর্শনীতে উপস্থিত অতিথিরাও ‘লাইফলাইন’-এর গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। বিশেষভাবে আলোচনায় আসে আ খ ম হাসানের অভিনয়। দীর্ঘদিন ওটিটি প্ল্যাটফর্মে অনুপস্থিত থাকা প্রসঙ্গে তিনি বলেন, তিনি একজন অভিনেতা হিসেবে যেখানেই সুযোগ পান সেখানেই কাজ করেন।
চরিত্র নির্মাণ প্রসঙ্গে আ খ ম হাসান বলেন, পুরো ইউনিটের সমন্বয় ও পরিচালকের নির্দেশনাই তার চরিত্রকে বাস্তবসম্মত করেছে।
ফিল্মটির ‘আমারে নাও’ গানটিও দর্শকদের মধ্যে আলাদা সাড়া ফেলেছে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরবেন, কণ্ঠ দিয়েছেন ফাতিমা তুয যাহরা ঐশী। প্রদর্শনীর পর তিনি গানটি সরাসরি পরিবেশন করেন।
পরিচালক কাজী আসাদ জানান, ভালোবাসা ও টানাপোড়েনের টানে মানুষের যাত্রা এবং হারানোর গল্পই ‘লাইফলাইন’-এর মূল বিষয়। শহুরে জীবনের এক মেয়ের দুর্গম যাত্রার মধ্য দিয়ে গল্পটি এগিয়েছে।