Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / বড়দের নিয়ে ছোটদের গান! - Chief TV

বড়দের নিয়ে ছোটদের গান! - Chief TV

2026-02-04  ডেস্ক রিপোর্ট  40 views
বড়দের নিয়ে ছোটদের গান! - Chief TV

বড়দের নিয়ে ছোটদের গান—শুনতে একটু অদ্ভুত লাগতেই পারে। তবে এবার ঠিক এমনই ভিন্নধর্মী একটি গান প্রকাশ হয়েছে, যেখানে শিশুকণ্ঠে বড়দের উদ্দেশে উঠে এসেছে কিছু ভাবনা ও পরামর্শ।

জীবনমুখী ঘরানার এই গানটির নাম ‘অবিশ্বাসের দেশে’। গানের কথা ও সুর করেছেন স্থপতি এনামুল করিম নির্ঝর, সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। গানটি গেয়েছেন শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা—এটি তার তৃতীয় মৌলিক গান।

‘এক নির্ঝরের গান’ প্রজেক্টের আওতায় গানশালা ইকেএনসি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটির ভিডিও। মৃন্ময়ী মেঘাকে কেন্দ্র করে ভিডিওটি নির্মাণ করেছেন মুজাহিদ মিজাব।

গানটির কথায় উঠে এসেছে সময়ের অসংগতি, অবিশ্বাস আর ভালোবাসার আহ্বান—
“অবিশ্বাসের দেশে, একটা কিছু করে দেখাও খানিক ভালোবেসে…”
এই লাইনগুলো যেন বড়দের বিবেককে নাড়া দেওয়ারই চেষ্টা।

গানটি তৈরির পেছনের ভাবনা জানিয়ে এনামুল করিম নির্ঝর বলেন, বর্তমান সময়ে কে কার কথা শোনে, সেটাই বোঝা কঠিন হয়ে গেছে। বড়দের নানা অন্যায়–অনিয়ম শিশুরাও অনেক সময় বুঝতে পারে, কিন্তু তারা তা প্রকাশ করতে পারে না। সেখান থেকেই ভাবনা আসে—যদি শিশুরাই বড়দের নিয়ে গান করে, তাহলে হয়তো কথাগুলো সবার কানে পৌঁছাবে। সেই চেষ্টার ফল হিসেবেই মৃন্ময়ী মেঘার কণ্ঠে এই গান।

ভিন্নধর্মী এই গান গেয়ে ইতোমধ্যে প্রশংসা পাচ্ছে মেঘা। অনুভূতি জানাতে গিয়ে সে বলে, “নির্ঝর আংকেলের কথা-সুরে আর মুন আংকেলের সংগীতে এটা আমার দ্বিতীয় গান। গানটা গাইতে খুব ভালো লেগেছে, ভিডিওটাও সুন্দর হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আরও ভালো ভালো গান গাইতে পারি।”

উল্লেখ্য, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মৃন্ময়ী মেঘার প্রথম মৌলিক গান প্রকাশ হয় ২০২৪ সালে—অটমনাল মুনের কথা, সুর ও সংগীতে ‘ভূতের রাজা দিলো বর’। ২০২৫ সালে আসে এনামুল করিম নির্ঝরের লেখা ও সুরে তার দ্বিতীয় গান ‘হাউ মাউ খাউ’


Share: