দুবাইয়ে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। মামলার নথিপত্রসহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর প্রয়োজনীয় নথি সংযুক্ত করে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দেশটির সরকার দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে।
পুলিশ বাহিনীর বর্তমান কার্যক্রম প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, একসময় মানুষের মধ্যে ধারণা ছিল যে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে বর্তমানে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে, যা বাহিনীর মনোবল আরও বৃদ্ধি করবে।
আওয়ামী লীগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নয়, বরং একটি ‘মাফিয়া সংগঠন’ হিসেবে দেখেন। দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আসন্ন ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি নিয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।