Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - Chief TV

মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  30 views
মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - Chief TV

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরের সূচি চূড়ান্ত হয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি প্রথমে মালয়েশিয়া এবং সেখান থেকে চীন সফরে যাচ্ছেন। আগামী ২২ থেকে ২৬ জুন সস্ত্রীক চীন সফর করবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় দ্বিপক্ষীয় সফর শেষে ২২ জুন কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরে তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবায়দা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তা।

সফরকালে আগামী ২৩ জুন দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে ২৪ জুন বুলেট ট্রেনে বেইজিং পৌঁছে ২৫ ও ২৬ জুন চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। সফরের অন্যতম আকর্ষণ হিসেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াং এবং চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধানের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, এই সফরে শিক্ষা, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন খাতে তিনটি চুক্তি এবং ১০টির বেশি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি সফরটির রাজনৈতিক ও কৌশলগত গুরুত্বই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন ইস্যুর মধ্যে প্রধানমন্ত্রীর এই সফর নতুন ভূরাজনৈতিক বার্তা বহন করছে। বিশেষ করে ঢাকা-বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই সফরকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সফরে তিস্তা ও টেকসই নদী ব্যবস্থাপনা, রেল যোগাযোগ, গ্রিন এনার্জি, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নসহ একাধিক খাতে সহযোগিতা চাওয়া হবে। তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনাও রয়েছে।

এছাড়া বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হতে পারে। রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি), ব্রিকস ও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে (এসসিও) বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়ে চীনের সমর্থন চাওয়ার সম্ভাবনার কথাও জানা গেছে।

কূটনৈতিক মহলের ধারণা, তারেক রহমানের এই সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বরং দক্ষিণ এশিয়ার চলমান ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের ভবিষ্যৎ কৌশলগত অবস্থান নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


Share: