Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ - Chief TV

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  28 views
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ - Chief TV

রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নিজ উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাও চোরের হাত থেকে রক্ষা পায়নি। ক্যামেরা স্থাপনের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তা চুরি হয়ে গেছে বলে জানান তিনি।

শুক্রবার বিকেলে মোহাম্মদপুরের রিং রোডে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এলাকার নিরাপত্তা ও জনদুর্ভোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না, সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, এলাকার নিরাপত্তা জোরদার করতে তিনি নিজেই সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে স্থাপনের মাত্র দুই দিনের মধ্যেই সেই ক্যামেরা চুরি হয়ে যায়। এই ঘটনা এলাকার নিরাপত্তা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, সম্প্রতি তার এক সহকর্মী নুর ইসলাম নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন। এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

স্থানীয়দের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে ববি হাজ্জাজ সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


Share: