Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / অপরাধ / বগুড়ায় বিএনপির নির্বাচনী অফিসে আগুন - Chief TV

বগুড়ায় বিএনপির নির্বাচনী অফিসে আগুন - Chief TV

2026-02-08  ডেস্ক রিপোর্ট  45 views
বগুড়ায় বিএনপির নির্বাচনী অফিসে আগুন - Chief TV

বগুড়ার শেরপুরে বিএনপির অস্থায়ী নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসীমাটি গ্রামে এই ঘটনা ঘটে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট) সজীব শাহরীন এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনে দেখা গেছে, বিএনপির অস্থায়ী অফিসের টেবিলের উপর রাখা কাপড় এবং বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের একটি ব্যানার আগুনে পুড়ে গেছে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা গভীর রাতে অফিসে আগুন দিয়েছে।

গাড়িদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজার রহমান বলেন, “নির্বাচনী প্রচারণা শেষে রাত দুইটার দিকে বাড়িতে যাই। সকালে জানতে পারি আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামায়াতের লোকজন এটা করেছে।”

অন্যদিকে, গাড়িদহ ইউনিয়নের যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান শিপলু বলেন, “এই এলাকা জামায়াত তাদের অধ্যুষিত অঞ্চল হিসেবে দাবি করে। শনিবার সন্ধ্যায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমাদের প্রার্থী গোলাম মো. সিরাজ পথসভা করেছেন। এজন্য আতঙ্ক সৃষ্টি করতেই তারা অফিসে আগুন দিয়েছে।”

তবে স্থানীয় জামায়াতের আমির জাহাঙ্গীর আলম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এই কেন্দ্রে আমাদের বিজয় নিশ্চিত জেনে বিএনপি নিজেরাই আগুন লাগিয়ে আমাদের দোষারোপ করছে।”

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী জানান, “ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


Share:

ট্যাগস: অপরাধ chief tv chief tv news