চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে চাঁদপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের বিজয় নিশ্চিত করতে রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খান বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ গাজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ও সদর উপজেলা বিএনপি নেতা মোঃ মাহবুব আলম, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিন্টু মাঝি এবং সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী।
এছাড়া বক্তব্য দেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইসমাইল হোসেন ঢালি, সাধারণ সম্পাদক মোঃ নাজির পাটোয়ারী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন গাজী এবং প্রবাসী জাকির হোসেন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তব্যে মোঃ গিয়াস উদ্দিন মিন্টু মাঝি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনলে এই ওয়ার্ডে ব্যাপক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।”