Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / দুর্ঘটনাকবলিত বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ট্রাকচাপা- Chief TV

দুর্ঘটনাকবলিত বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ট্রাকচাপা- Chief TV

2025-10-23  ডেস্ক রিপোর্ট  211 views
দুর্ঘটনাকবলিত বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ট্রাকচাপা- Chief TV

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ৩টার দিকে ভাঙ্গামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মাগুরার শালিখা উপজেলার ঘোষগাতি গ্রামের মতিয়ার রহমানের ছেলে মিনহাজুর রহমান (২৪) এবং পাবনার বেড়া উপজেলার বনগ্রামের ফারজানা ইয়াসমিন (৩০), তিনি জুয়েল রানার স্ত্রী।

আহতদের মধ্যে দুই বছরের শিশু জান্নাতুল ফেরদৌস গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্য আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে চলছিল। পথে বাসটি অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দিলে সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে তাতে বড় কোনো ক্ষতি হয়নি।

দুর্ঘটনার পর যাত্রীরা বাস থেকে নেমে এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন ও হাঁটাহাটি করছিলেন। ঠিক সে সময় পেছন দিক থেকে আসা একটি ভাঙ্গামুখী ট্রাক বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী ট্রাকচাপায় গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, “দুইজনকে হাসপাতালে আনার আগেই তারা মারা যান।”

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। তবে বাসটি যে অজ্ঞাত গাড়িটিকে প্রথমে ধাক্কা দিয়েছিল, সেটি পালিয়ে গেছে। তিনি বলেন, “ভোরের অল্প আলো ও অতিরিক্ত গতি এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।”


Share:

ট্যাগস: chief tv chief tv news