Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / এবার বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পিসিবির - Chief TV

এবার বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পিসিবির - Chief TV

2026-01-21  ডেস্ক রিপোর্ট  96 views
এবার বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পিসিবির - Chief TV

আগামী মাসের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে গিয়ে টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী নয় বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ভেন্যু নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চূড়ান্ত সিদ্ধান্তের আগে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন জানিয়ে পিসিবির গভর্নিং বডি আইসিসিতে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সেখানে খেলতে অনিচ্ছুক হওয়ার বিষয়ে বিসিবির সিদ্ধান্তকে তারা সমর্থন করে। ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এই চিঠিতে আইসিসি বোর্ডের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়ে আগেই আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এই ইস্যুতে সমাধান খুঁজতে আইসিসি বুধবার একটি বোর্ড সভা আহ্বান করেছে বলে জানা গেছে।

তবে ধারণা করা হচ্ছে, পিসিবির পাঠানো এই চিঠি বাংলাদেশের ভেন্যু পরিবর্তন সংক্রান্ত আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তে বড় ধরনের প্রভাব ফেলবে না। এরই মধ্যে বাংলাদেশের গ্রুপপর্বের সব ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের বিষয়ে একাধিক দফা আলোচনা হলেও কোনো পক্ষই তাদের অবস্থান থেকে সরে আসেনি।

এই বিতর্কের সূত্রপাত হয় আইপিএলে কলকাতার দল বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর হঠাৎ বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। কলকাতা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কোনো কারণ না জানালেও রাজনৈতিক অস্থিরতার বিষয়টি ইঙ্গিত হিসেবে উঠে আসে। এরপরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে ম্যাচ খেলবে না।

এ অবস্থায় বুধবার আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে কোনো সমাধান আসে কি না, সেদিকেই এখন ক্রিকেটবিশ্বের নজর।


Share: