Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ফরিদপুর / এক স্থানে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি - Chief TV

এক স্থানে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি - Chief TV

2025-11-29  ডেস্ক রিপোর্ট  112 views
এক স্থানে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি - Chief TV

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষ একই সময় ও একই স্থানে সমাবেশ ডাকার ঘোষণা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল এ বিষয়ে নির্দেশনা দেন। পরে ‘ইউএনও আলফাডাঙ্গা’ নামে উপজেলা প্রশাসনের দাপ্তরিক ফেসবুক অ্যাকাউন্টে আদেশটি প্রচার করা হয়।

এ বিষয়ে রাসেল ইকবাল বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে শনিবার বিকেলে পৌরসদরের আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

অপরদিকে একই দিন বিকেল ৩টায় আলফাডাঙ্গা পৌর সদরের আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে এবং গত ৭ নভেম্বর বিপ্লবী সংহতি দিবসে বোয়ালমারী উপজেলা বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমান লিপনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর।

এই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এতে বলা হয়েছে, শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

এ ব্যাপারে খন্দকার নাসিরুল ইসলাম অনুসারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু বলেন, ‘আমাদের এক সপ্তাহ আগে পূর্বনির্ধারিত কর্মসূচি বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও দলীয় প্রার্থী বিজয়ী করার লক্ষ্যে সমাবেশের আয়োজন করা হয়েছিল। হঠাৎ করে দেখলাম ঝুনু সমর্থকরা প্রতিবাদ সমাবেশের জন্য মাইকিং করছে। দুইপক্ষের সমাবেশের জন্য প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন। আমাদের সমাবেশ করব কি করব না, বিষয়টি জেলা কমিটির সঙ্গে কথা বলে জানাতে পারব।’

শামসুদ্দিন মিয়া ঝুনু সমর্থিত আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকন বলেন, ‘উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে এবং গত ৭ নভেম্বর বিপ্লবী সংহতি দিবসে বোয়ালমারী উপজেলা বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমান লিপনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। তবে যেহেতু প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, সেহেতু আমরা কর্মসূচি সফল করার জন্য মাঠে থাকব।’

জানতে চাইলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, বিএনপির দুই পক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে গত ৭ নভেম্বর বোয়ালমারীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় উপজেলা বিএনপির একাংশের কার্যালয়ে ভাঙচুর-আগুন দেওয়া হয় এবং ১৩টি মোটরসাইকেলসহ আশপাশের অন্তত ১০টি দোকানপাট ভাঙচুর করা হয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। প্রায় এক ঘণ্টা ধরে এলাকাজুড়ে তাণ্ডব চলার পর সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 


Share:

Single Page