Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুফতি আমির হামজা - Chief TV

গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুফতি আমির হামজা - Chief TV

2026-02-08  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  144 views
গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুফতি আমির হামজা  - Chief TV

কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকালে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়ার সময় তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। পরে তাকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে তিনি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় প্রার্থীর অসুস্থতার খবরে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক জানান, সকাল থেকেই মুফতি আমির হামজা নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও প্রচারণা চালাচ্ছিলেন। বেলা ১১টার দিকে হঠাৎ পেটের পীড়া ও বমিভাব শুরু হলে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।

দলীয় সূত্রে জানানো হয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সম্পূর্ণ সচেতন রয়েছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছে এবং আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, মুফতি আমির হামজা মূলত পেটের পীড়া বা ফুড পয়জনিংজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তির সময় তার শরীরে পানিশূন্যতা ও দুর্বলতা ছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তিনি অনেকটাই শঙ্কামুক্ত। শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তাকে ছাড়পত্র দেওয়া হবে।

চিকিৎসকদের ধারণা, নির্বাচনী প্রচারণার অতিরিক্ত ব্যস্ততা ও অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণেই এ ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।


Share: