Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / চাঁপাইনবাবগঞ্জ / গ্রামবাসীকে নিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাল বিজিবি - Chief TV

গ্রামবাসীকে নিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাল বিজিবি - Chief TV

2026-07-04  ডেস্ক রিপোর্ট  38 views
গ্রামবাসীকে নিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাল বিজিবি - Chief TV
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বিএসএফের পুশইনের (অবৈধভাবে বাংলাদেশে পুশ করার) একটি চেষ্টা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সফলভাবে প্রতিহত করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
 
এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
 
বিজিবির একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ৩ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে চকপাড়া বিওপির বিপরীতে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মুসলিমপাড়া সীমান্তে বর্ডার সিকিউরিটি লাইট বা নিরাপত্তা বাতি বন্ধ করে কিছু মানুষকে পুশইনের চেষ্টা করা হচ্ছে এমন একটি গোপন তথ্য পায় বিজিবি।
 
খবর পাওয়ার সাথে সাথেই বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় গ্রামবাসীকে সাথে নিয়ে সীমান্তে সতর্ক অবস্থান গ্রহণ করে।

সতর্ক অবস্থানের সময় দেখা যায়, শূন্যরেখা থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় অন্তত ১২ জন ব্যক্তি অবস্থান করছিলেন। তাদের বাংলাদেশে পুশ করার তীব্র সম্ভাবনা দেখা দিলে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সাধারণ বাসিন্দারাও প্রতিরোধমূলক অবস্থান নেন।
 
বিজিবি ও গ্রামবাসীদের এই কঠোর ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কথিত পুশইনের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। পরবর্তীতে ৪ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফের নিজস্ব যানবাহনে করে ওই ১২ জন ব্যক্তিকে ভারতের মালদা হোল্ডার সেন্টারের উদ্দেশ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সাথে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।
 
উদ্ভূত পরিস্থিতির পর থেকে সীমান্তে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অনেক গুণ বৃদ্ধি করা হয়েছে।
 
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষায় ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় স্থানীয় জনগণের এমন স্বতঃস্ফূর্ত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও যেকোনো অনাকাঙ্ক্ষিত তৎপরতা রোধে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Share: