২০২৪ সালের জুলাইয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সারা দেশে আওয়ামী লীগের দলীয় অফিসগুলোতে আগুন দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়।
বক্তব্যে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ওই সময় আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দলীয় অফিসে আগুন দেওয়া হয়েছিল। তিনি আরও দাবি করেন, ৪ আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার আন্দোলনে যাত্রাবাড়ী, শাহবাগসহ বিভিন্ন এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে।
ছাত্রদল সভাপতি আরও বলেন, সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চেয়েছিলেন এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে।