Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই - Chief TV

গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই - Chief TV

2026-01-27  ডেস্ক রিপোর্ট  137 views
গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই - Chief TV

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের লক্ষ্য সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।

মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা এলাকাভিত্তিক নানা গুরুত্বপূর্ণ তথ্য জানেন—যেমন কোথায় অবৈধ অস্ত্র রয়েছে, কোনো বহিরাগত ব্যক্তি আছে কি না কিংবা ভোটারদের বর্তমান অবস্থা। এসব তথ্য কাজে লাগিয়ে নির্বাচনকে নিরাপদ করতে হবে।

ভোটের দিন কেন্দ্রের ভেতরে ও আশপাশে কোনো ধরনের অযাচিত জমায়েত বরদাশত করা হবে না বলেও জানান তিনি। কমিশনার বলেন, ভোট হবে উৎসবমুখর পরিবেশে। কোনটি উৎসব আর কোনটি ভোট বানচালের অপচেষ্টা—তা বুঝে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, ব্যালট যাচাই কক্ষে কেউ কলম নিয়ে প্রবেশ করতে পারবে না। ভোটার কর্তৃক যাচাই না হওয়া ব্যালট গ্রহণযোগ্য হবে না। লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করতে হবে, নচেৎ সেই ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে না। এটি দীর্ঘদিনের একটি প্রত্যাশিত উদ্যোগ—যা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না।

সভায় নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার টিএম মোশারেফ হোসেন, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, নোয়াখালী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল চৌধুরী মোহাম্মদ আলী হায়দার, নৌবাহিনীর জেলা সমন্বয়ক কমান্ডার মাসুম উল হকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।


Share:

ট্যাগস: জাতীয় chief tv chief tv news