Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / হাদি হত্যার বিচারের আন্দোলনে ফ্যাসিবাদী হামলা হয়েছে: সাদিক কায়েম - Chief TV

হাদি হত্যার বিচারের আন্দোলনে ফ্যাসিবাদী হামলা হয়েছে: সাদিক কায়েম - Chief TV

2026-02-07  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  141 views
হাদি হত্যার বিচারের আন্দোলনে ফ্যাসিবাদী হামলা হয়েছে: সাদিক কায়েম - Chief TV

জাতিসংঘের অধীনে শহিদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রা করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পথে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারসহ অনেক আন্দোলনকারী আহত হয়েছেন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বলেন, শহিদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে চলমান আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের। এ ঘটনায় সংগঠনটির আরও কয়েকজন নেতাকর্মীসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন ফাতেমা তাসনিম জুমা (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ডাকসু), শান্তা আক্তার (সদস্য, জকসু) এবং সালাউদ্দিন আম্মার (জিএস, রাকসু) রয়েছেন। ডাকসুর ভিপি বলেন, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার কেবল ব্যর্থই হয়নি, উপরন্তু বিচারের দাবিতে আন্দোলনরতদের ওপর গুলিবর্ষণ ও হামলা করা হয়েছে।

সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদী কায়দায় এ ধরনের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। ইন্টেরিম সরকারকে জবাব দিতে হবে-কার মদদে, কার নির্দেশে এই হামলা হয়েছে? ওসমান হাদি হত্যার বিচারের দাবিকে এত ভয় কিসের? কে বা কারা জাস্টিসকে গলাচেপে হত্যা করতে চায়?

এদিকে শুক্রবার দুপুরে টানা দ্বিতীয় দিনের মতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল সমানে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। বিকাল প্রায় ৪টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সংগঠনটির সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। অন্য আরেকটি পোস্টে সংগঠনটি দাবি করে, ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে নেয়ার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শুক্রবারের মধ্যেই এ বিষয়ে জাতিসংঘে চিঠি পাঠানোর দাবি জানান আন্দোলনকারীরা।

এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে রাতভর একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।


Share: