Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দেবেন - Chief TV

হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দেবেন - Chief TV

2026-01-25  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  157 views
হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দেবেন - Chief TV

স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়, সার সংকটের জন্য ইউনূস সরকারের লোকেরা দায়ী—ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল ইসলাম

হিন্দু ভোটারদের নিয়ে বিগত সময়ে নোংরা রাজনীতি করা হয়েছে উল্লেখ করে ঠাকুরগাঁও–১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আপনারা যাদের ভোট দিয়েছেন, তারা জিতলেও আপনারা মার খান, হারলেও মার খান। সব সময় আপনাদের ব্যবহার করা হয়েছে। আমরা ক্ষমতায় যেতে চাই আপনাদের নিরাপত্তা দিতে। আমরা ক্ষমতায় গেলে আপনারা শান্তিতে থাকবেন।”

রোববার (২৫ জানুয়ারি) সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদ্রাসা মাঠ, ফারাবাড়ী চেরাডাঙ্গী মাঠ, গড়েয়া ইসকন মন্দির এবং সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট সরকারি কলেজ মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মানুষের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আমরা সবাই বাংলাদেশের মানুষ—কেউ সংখ্যাগরিষ্ঠ না, কেউ সংখ্যালঘু না। আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দেবেন। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের।”

জামায়াতকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, “আজ তারা এ দেশের মানুষের কাছে ভোট চায়। তারা স্বাধীনতাবিরোধী দল। কোনো স্বাধীনতাবিরোধীদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়।”

তিনি বলেন, “আমরা কোনো দিন আপনাদের বিক্রি করে সম্পদ বানাইনি। আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি। আমরা বাপ–দাদার দেওয়া জমিজমা বিক্রি করে রাজনীতি করি।”

জেলে থাকা ছাত্রলীগের সাদ্দামকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, “আমি ১৯৯১ সাল থেকে আপনাদের এলাকায় রাজনীতি করছি। বহুবার জেলে গেছি। একবার ঢাকার বাসা থেকে আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। সে সময় আমার স্ত্রী খুব অসুস্থ ছিলেন। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে, কিন্তু তবুও আমাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়নি। জেলে থাকা অবস্থায় আমার স্ত্রীর অপারেশন করতে হয়েছে। সে সময় আমার স্ত্রী–সন্তানরা আমাকে পায়নি। অনেক অত্যাচার–নির্যাতন সহ্য করেছি, তবে মাথা কখনও নত করিনি।”

সার সংকট নিয়ে ইউনূস সরকারকে দায়ী করে তিনি বলেন, “আমাদের এ কৃষিপ্রধান দেশে কৃষকরাই আমাদের প্রাণ। তাদের ভালো রাখলে দেশ ভালো থাকবে। আজ কৃষকরা সময়মতো সার পায় না—সারের সংকট চলছে। এই সংকটের জন্য ইউনূস সরকার ও সরকারের লোকেরা দায়ী। আমরা ক্ষমতায় গেলে কৃষকদের সময়মতো ন্যায্যমূল্যে সার এবং ফ্যামিলি কার্ডের সঙ্গে ভাতা প্রদান করা হবে।”

নির্বাচনী প্রচারণায় ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, “এখন আমার বয়স হয়েছে। এটাই আমার শেষ নির্বাচন। তাই আমার জীবনের শেষ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিলে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো আমি সম্পন্ন করব, ইনশাআল্লাহ।”

এ সময় নির্বাচনী প্রচারণায় দলের অন্যান্য নেতাকর্মীরাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।


Share: