নেত্রকোনার পূর্বধলা উপজেলার কালিহর নদী থেকে ইটের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে নদীতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি একটি কালো শার্টে মোড়ানো ছিল এবং লাল রঙের রশি দিয়ে একটি ইটের সঙ্গে বাঁধা অবস্থায় নদীতে ফেলে দেওয়া হয়েছিল। পরে সেটি ভেসে ওঠে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। নবজাতকের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।