Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / কিশোরগঞ্জ / পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা - Chief TV

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা - Chief TV

2026-06-29  ডেস্ক রিপোর্ট  26 views
পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা - Chief TV

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে শ্রেণিকক্ষের ছাদ থেকে পলেস্তরাসহ একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে গেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রথম শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। সে সময় একজন শিক্ষিকা পাঠদান করাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে পলেস্তরাসহ ফ্যানটি মেঝেতে পড়ে গেলে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ভয়ে ছুটোছুটি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্যানটি শিক্ষিকার টেবিল ও শিক্ষার্থীদের বেঞ্চের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে, ফলে কেউ আহত হয়নি।

জানা গেছে, ওই শ্রেণিকক্ষে আরও একটি বৈদ্যুতিক পাখা ঝুলছে, যা নিয়েও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঞা বলেন, পাঠদানের সময় হঠাৎ এ ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ইউএনওকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বিদ্যালয় ভবনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


Share: