চুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালিতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মেঘলা ঘোষ জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।
শিশুটির মা সরস্বতী ঘোষ জানান, ভোর ৪টার দিকে তিনি মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। পরে ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়ি ফিরে মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক মনে হয়। এ সময় দেখা যায়, শিশুটির মুখ কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে পড়েছে।
পরে দ্রুত মেঘলাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার এক থেকে দুই ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালিতে দুধ আটকে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, শিশুকন্যার মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে।