Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / পশ্চিমবঙ্গে কঠোর আইনের ঘোষণা দিলেন শুভেন্দু অধিকারী - Chief TV

পশ্চিমবঙ্গে কঠোর আইনের ঘোষণা দিলেন শুভেন্দু অধিকারী - Chief TV

2026-06-27  ডেস্ক রিপোর্ট  30 views
পশ্চিমবঙ্গে কঠোর আইনের ঘোষণা দিলেন শুভেন্দু অধিকারী - Chief TV

ভারতের পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) কার্যকর, ধর্মান্তরবিরোধী কঠোর আইন প্রণয়ন এবং অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

শুক্রবার কলকাতার রবীন্দ্র সদনে ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা জোরদার এবং পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার স্বার্থেই এসব উদ্যোগ নেওয়া হবে।

তিনি দাবি করেন, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের কারণে রাজ্যে জনসংখ্যার ভারসাম্যে পরিবর্তন ঘটছে এবং ধর্মান্তরের প্রবণতা বাড়ছে, যা সামাজিক কাঠামো ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

শুভেন্দু অধিকারী বলেন, শিগগিরই পশ্চিমবঙ্গে ধর্মান্তরবিরোধী কঠোর আইন, অভিন্ন দেওয়ানি বিধি এবং এনআরসি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, সীমান্ত এলাকায় অবকাঠামো উন্নয়ন ও আটক কেন্দ্র স্থাপনের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে কাজ করছে কেন্দ্রীয় সরকার। যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে নিরাপত্তা ও সংস্কৃতির জন্য হুমকি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিরা অনুপ্রবেশকারী নন, বরং তারা আইনি প্রক্রিয়ায় নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি আরও বলেন, যারা ভারতীয় সশস্ত্র বাহিনীকে অসম্মান করে বা বিভিন্ন জাতীয় ইস্যুতে রাষ্ট্রবিরোধী অবস্থান নেয়, তাদের এমন আচরণ পশ্চিমবঙ্গে সহ্য করা হবে না।


Share: