Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / জুমার নামাজে দানের টাকা চুরি, আটক ২ - Chief TV

জুমার নামাজে দানের টাকা চুরি, আটক ২ - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  37 views
জুমার নামাজে দানের টাকা চুরি, আটক ২ - Chief TV

চট্টগ্রামে জুমার নামাজের সুযোগে মসজিদের অফিস কক্ষ থেকে দানের টাকা চুরির ঘটনায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ২ লাখ ২০ হাজার টাকার মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সদরঘাট থানাধীন পোস্ট অফিস সংলগ্ন একটি জামে মসজিদে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন মো. আরিফ (৩৬) ও মো. সুমন (৩৬)।

মসজিদ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান অফিস কক্ষে দানের ২ লাখ ২০ হাজার টাকা সংরক্ষণ করেন। পরে আসরের নামাজের পর অফিস কক্ষে গিয়ে তিনি দেখতে পান, নির্ধারিত স্থানে টাকাগুলো নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও টাকা না পেয়ে মসজিদের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়।

ফুটেজে এক ব্যক্তিকে অফিস কক্ষ থেকে টাকা নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। এরপর রাত সাড়ে ৯টার দিকে সদরঘাট থানায় অভিযোগ দায়ের করেন ইমাম। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে আরিফকে শনাক্ত করে।

পরে অভিযান চালিয়ে হালিশহর এলাকার একটি বাসা থেকে আরিফকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করে আরও ৬০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চুরি হওয়া বাকি টাকা অনলাইন জুয়া ও মাদকাসক্তির পেছনে খরচ করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্তরা।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।


Share: