চট্টগ্রামের হাটহাজারীতে বোনের বিয়ের অনুষ্ঠানের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. সামির (১৪)। শুক্রবার বিকেলে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের নাফিতের ঘাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সামির হাটহাজারী পৌরসভার পূর্ব দেওয়ান নগর এলাকার শায়েস্তা খাঁ পাড়ার বাসিন্দা ও প্রবাসী মো. জসিমের একমাত্র ছেলে। সে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সামিরের মেজ বোনের বিয়েকে ঘিরে পরিবারের সবাই উৎসবের আমেজে ছিলেন। বিয়ের নানা প্রস্তুতি ও আয়োজনের মধ্যে শুক্রবার বিকেলে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মিনি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যে বাড়িতে বিয়ের আনন্দ আয়োজন চলছিল, মুহূর্তেই সেখানে কান্নার রোল পড়ে যায়।
রাউজান হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক রিয়াদ হোসাইন জানান, দুর্ঘটনায় জড়িত মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার পিএসআই মো. রাকিবুল হাসান বলেন, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।