Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / জয়পুরহাটে অটোচালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ- Chief TV

জয়পুরহাটে অটোচালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ- Chief TV

2025-10-27  ডেস্ক রিপোর্ট  218 views
জয়পুরহাটে অটোচালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ- Chief TV

জয়পুরহাটে যাত্রী তোলাকে কেন্দ্র করে ব্যাটারিচালিত অটোচালক ও বাস শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ বাস শ্রমিকরা শহরের পাঁচুর মোড়ে সড়কে বাস আড়াআড়ি করে রেখে ব্যারিকেড দেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং শহরের প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের কেন্দ্রীয় শিব মন্দির মোড়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। পরে সকাল ১০টা থেকে এক ঘণ্টা পর্যন্ত সড়কে ব্যারিকেডের ঘটনা ঘটে।

বাস ও অটো শ্রমিকসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জয়পুরহাট-হিলি সড়কের কেন্দ্রীয় শিব মন্দির মোড়ে পাঁচবিবি রুটের একটি অটোস্ট্যান্ড রয়েছে। সেখান থেকেই ওই রুটে অটোতে যাত্রী ওঠানামা করা হয়। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে “মায়ের দোয়া পরিবহন” নামে একটি হিলিগামী বাসে অটোর এক যাত্রী ওঠে। এ নিয়ে অটোচালক ও বাস শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে দুই পক্ষ চড়াও হয়।

এ সময় হিলি থেকে আসা “রেখা পরিবহন”-এর একটি বাস সেখানে এসে দাঁড়ালে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এরপর ক্ষুব্ধ বাস শ্রমিকরা শহরের পাঁচুর মোড় ও হিলি সড়কে বাস আড়াআড়ি করে রেখে সড়ক অবরোধ করেন। এতে প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে জয়পুরহাট থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, বাস শ্রমিক ও বাস মালিক সমিতির নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শ্রমিকদের বুঝিয়ে বাস সরিয়ে নেওয়ার পর প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে থানা পুলিশের ওসি, বাস মালিক ও মোটর শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে বাস শ্রমিকরা তাদের সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সমস্যার সমাধানের আশ্বাস দেয়।

জয়পুরহাট অটো শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন ভূঁইয়া বলেন,

“অটোস্ট্যান্ডে এসে বাস থামিয়ে অটোর যাত্রী নামিয়ে নেওয়া হয়। আজও অটোর এক যাত্রীকে নামিয়ে বাসে তোলা হয়েছে। এ নিয়ে অটোচালকদের সঙ্গে বাস শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। এখনও কিছু বাস শ্রমিক আওয়ামী লীগের দোসর হয়ে শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।”

অন্যদিকে, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত বলেন,

“অটো অবৈধ যানবাহন। তারা শহরের যত্রতত্র যাত্রী ওঠানামা করে, এতে সড়কে বিশৃঙ্খলা তৈরি হয়। ইজিবাইক চালকেরা বাসে যাত্রী উঠতে বাধা দেয় এবং আমাদের শ্রমিকদের মারধর করেছে। এ কারণেই ক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে ব্যারিকেড দিয়েছিল। পুলিশের সঙ্গে বৈঠকের পর এখন পরিস্থিতি স্বাভাবিক।”

জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন,

“অটোচালক ও বাস শ্রমিকদের দ্বন্দ্বের জেরে বাস শ্রমিকরা সড়কে ব্যারিকেড দিয়েছিল। আমরা গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করি। দুপুরে মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা হয়েছে। তারা দাবি করেছে, অটো যেন যত্রতত্র যাত্রী না তোলে এবং বাসও যেন একইভাবে যাত্রী না তোলে। সমস্যাগুলোর সমাধানে আমরা কাজ করছি।


Share: