Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই: পঞ্চগড়ে প্রতিমন্ত্রী - Chief TV

মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই: পঞ্চগড়ে প্রতিমন্ত্রী - Chief TV

2026-06-27  মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ  30 views
মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই: পঞ্চগড়ে প্রতিমন্ত্রী - Chief TV
মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও গণআন্দোলনের ওপর গুরুত্বারোপ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
 
তিনি বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তবে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শুধু গ্রেপ্তার বা আইন প্রয়োগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকার আরও কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সংসদে একটি কঠোর আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন।
 
এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট ফরিদ রহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের সহকারী পরিচালক রাহুল সেন।

এর আগে রাহুল সেন মাদকের বহুমুখী ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর অপব্যবহার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Share: