মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় ৯ বছর বয়সী শিশু আতিকা হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ০২ জন নিহত এবং ০১ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বনপারিল এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে শিশু আতিকার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় জড়িত সন্দেহে নাঈম নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে ছাড়িয়ে নিতে তার স্বজনরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নাঈমের পিতা পান্নু মিয়া এবং চাচা ফজলু মিয়া (ফারুক) নিহত হন। এ সময় নাজমুল নামে আরও একজন গুরুতর আহত হন। নিহত ও আহতদের বাড়ি একই এলাকার বনপারিল গ্রামে বলে জানা গেছে।
উল্লেখ্য, এ ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতেই পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্দ সারওয়ার আলম মুঠোফোনে জানান, শিশু আতিকার হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং গণপিটুনির ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মর্মান্তিক এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়া হোক ।