Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / মেসির এক গোলেই বিশ্বকাপে ভাঙল যত রেকর্ড - Chief TV

মেসির এক গোলেই বিশ্বকাপে ভাঙল যত রেকর্ড - Chief TV

2026-07-04  ডেস্ক রিপোর্ট  40 views
মেসির এক গোলেই বিশ্বকাপে ভাঙল যত রেকর্ড - Chief TV

বিশ্বকাপে যেন প্রতিটি ম্যাচেই নতুন ইতিহাস লিখছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে ৩-২ গোলের নাটকীয় জয়ে দলের প্রথম গোলটি করে একসঙ্গে একাধিক রেকর্ড নিজের নামে লিখিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

মায়ামি স্টেডিয়ামে গোল করার মধ্য দিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে মেসির মোট গোলে অবদান দাঁড়িয়েছে ১২টি। এর মধ্যে রয়েছে ৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট। ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ফুটবলারের এত বেশি গোলে অবদান নেই। এতদিন ১১টি করে গোলে অবদান রেখে যৌথভাবে শীর্ষে ছিলেন ব্রাজিল কিংবদন্তি পেলে ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। এবার তাদের ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন মেসি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২০-এ উন্নীত করেছেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে ২০ গোলের মাইলফলক স্পর্শ করা প্রথম ফুটবলার এখন মেসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পের গোলসংখ্যা ১৮।

ধারাবাহিক গোল করার ক্ষেত্রেও নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করে প্রথম ফুটবলার হিসেবে নাম লিখিয়েছেন তিনি। এর আগে কোনো খেলোয়াড় টানা ছয় ম্যাচের বেশি গোল করতে পারেননি।

সাম্প্রতিক দুই বিশ্বকাপেও অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখাচ্ছেন মেসি। ২০২২ কাতার বিশ্বকাপে তিনি করেছিলেন সাত গোল। এবার মাত্র চার ম্যাচ খেলেই সেই সংখ্যায় পৌঁছে গেছেন। বিশ্বকাপ ইতিহাসে একাধিক আসরে অন্তত সাত গোল করার কীর্তিও এর আগে আর কোনো ফুটবলারের ছিল না।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে মেসির ৩০তম উপস্থিতি। এই মাইলফলকে পৌঁছানো প্রথম ফুটবলারও তিনি। একই সঙ্গে নকআউট পর্বে এটি ছিল তার ১৩তম ম্যাচ, যেখানে টানা পাঁচ নকআউট ম্যাচে গোল করে তিনি বিরল এক কীর্তির অংশ হয়েছেন।

৩৫ বছর বয়স পেরিয়েও বিশ্বমঞ্চে আধিপত্য ধরে রেখেছেন মেসি। এই বয়সের পর বিশ্বকাপে ইতোমধ্যে ১৪ গোল করেছেন তিনি, যা অন্য যেকোনো ফুটবলারের তুলনায় অনেক এগিয়ে। প্রতিটি ম্যাচের সঙ্গে যেন নিজের কিংবদন্তিকে আরও সমৃদ্ধ করে চলেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।


Share: