Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / ভেনেজুয়েলা ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণে রোনালদো - Chief TV

ভেনেজুয়েলা ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণে রোনালদো - Chief TV

2026-07-04  ডেস্ক রিপোর্ট  34 views
ভেনেজুয়েলা ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণে রোনালদো - Chief TV
বিশ্বকাপের মাঠে দুর্দান্ত পারফর্ম করে পর্তুগালকে শেষ ষোলোয় তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠের সেই সাফল্যের ব্যস্ততার মধ্যেও নিজের চেনা মানবিক রূপ নিয়ে আবারও ফুটবলপ্রেমীদের নজর কাড়লেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই মহাতারকা।
 
ভেনেজুয়েলার এক ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো ছোট্ট এক ভক্তের লালিত স্বপ্ন পূরণ করে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন তিনি।

সম্প্রতি ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যার শিকার হতে হয়েছে লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিশোর আন্দ্রেস মিয়েলেসকে। এই প্রাকৃতিক দুর্যোগে নিজের একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
 
জীবনের এই কঠিন পরিস্থিতির মধ্যেও আন্দ্রেসের একটি ছোট্ট আকাঙ্ক্ষা ছিল; সে বিশ্বকাপের স্টিকার অ্যালবামের জন্য তার প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর একটি অফিসিয়াল স্টিকার চেয়েছিল।
 
শিশুটির সেই ইচ্ছার কথা জানতে পেরে পর্তুগালের জার্সি গায়ে একটি বিশেষ ভিডিওবার্তা পাঠান সিআরসেভেন। ভিডিওবার্তায় রোনালদো তাকে সান্ত্বনা দিয়ে বলেন, “হ্যালো আন্দ্রেস, আমি জানি তুমি আমার বড় ভক্ত।
 
আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি চাই তুমি আমার একটি ম্যাচে এসো, আমরা একসঙ্গে খেলা উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। সাহস রেখো, বন্ধু।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাংবাদিক গ্যাবি আরোচার দেওয়া তথ্য অনুযায়ী, কয়েকজন উদার দাতার সহায়তায় বহু প্রতীক্ষিত সেই বিশ্বকাপের স্টিকারটি ইতোমধ্যে আন্দ্রেসের হাতে পৌঁছেছে।
 
শুধু তাই নয়, রোনালদোর নিজের স্বাক্ষর করা একটি জার্সিও উপহার হিসেবে পেতে যাচ্ছে এই খুদে ভক্ত। উল্লেখ্য, রোনালদোর এই দারুণ উদ্যোগের আগেই তাঁর জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজ ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং তাঁদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছিলেন।
 
মাঠ এবং মাঠের বাইরে রোনালদো পরিবারের এমন মানবিকতা ফুটবল বিশ্বকে আরও একবার মুগ্ধ করেছে।

Share: