নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতরা হলেন সবজি বিক্রেতা আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা (৩৫) এবং ছেলে সিয়াম (১৯)। তাদের মরদেহ নিজ জেলা কুমিল্লায় নিয়ে একসঙ্গে দাফন করা হয়েছে।
জানা গেছে, গত ১১ জুন বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পরিবারের কয়েকজন সদস্য গুরুতর দগ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় প্রথমে সুলতানার মৃত্যু হয়। এরপর সোমবার ভোরে মারা যান আব্দুল মান্নান। একই দিন প্রায় পাঁচ ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাদের ছেলে সিয়াম।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণে সুলতানার শরীরের ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ এবং আব্দুল মান্নানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গুরুতর দগ্ধ হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে পরিবারের আরেক সদস্য মিম (১৩) এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের ৪১ শতাংশ পুড়ে গেছে। এছাড়া বিস্ফোরণে আহত প্রতিবেশী শিশু হযরত আলীও চিকিৎসা নিচ্ছে।
একটি পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।