Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে - Chief TV

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে - Chief TV

2026-01-28  ডেস্ক রিপোর্ট  776 views
নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিক পর্যবেক্ষক কার্ড এবং গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd–এর মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

যেভাবে করবেন রেজিস্ট্রেশন

ওয়েবসাইটে প্রবেশ করার পর ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র নম্বর, ই–মেইল ঠিকানা, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে। সব ধাপ পূরণ হলে প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) পাঠানো হবে। ওটিপি যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

লগইন করে আবেদন

রেজিস্ট্রেশন শেষে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্বাচনে সাংবাদিক পর্যবেক্ষক হিসেবে কার্ডের জন্য আবেদন করতে হবে।

স্থানীয় সাংবাদিকদের (জেলা–উপজেলা) ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে বর্তমান কর্মস্থলের তথ্য প্রদান বাধ্যতামূলক। এ জন্য বিভাগ, জেলা, নির্বাচনী আসন এবং উপজেলা/থানার তথ্য নির্দিষ্ট ঘরে উল্লেখ করতে হবে।

আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ

লগইনের পর প্রথম ধাপে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য দিতে হবে—নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ ও লিঙ্গ।

পরবর্তী ধাপে গণমাধ্যম প্রতিষ্ঠানের তথ্য বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। এতে গণমাধ্যমের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, ই–মেইল, ফোন নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। প্রয়োজনে নিবন্ধন সনদ ও সর্বশেষ প্রকাশিত পত্রিকার কপি সংযুক্ত করতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃক অনুমোদিত সাংবাদিকদের তালিকা ফাইল আকারে আপলোড করতে হবে। একই সঙ্গে ওই তালিকায় আবেদনকারী সাংবাদিকের নাম কোন ক্রমিক নম্বরে রয়েছে, তা উল্লেখ করতে হবে।

গাড়ির স্টিকার

গাড়ির স্টিকার প্রয়োজন হলে ‘হ্যাঁ’ অথবা ‘না’ অপশন নির্বাচন করতে হবে। ‘হ্যাঁ’ নির্বাচন করলে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য দিতে হবে।

চূড়ান্ত সংযুক্তি

আবেদনের শেষ ধাপে অফিস আইডি কার্ড, ইস্যুর তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, ছবি, স্বাক্ষর এবং জাতীয় পরিচয়পত্র নির্ধারিত ঘরে ফাইল আকারে আপলোড করতে হবে।

সব ধাপ সঠিকভাবে সম্পন্ন করে সবুজ বাটনে ক্লিক করে আবেদন জমা দিলে আবেদন সম্পন্ন হয়েছে বলে প্রদর্শিত হবে।

আবেদন যাচাই–বাছাই শেষে নির্বাচন কমিশন কিউআর কোড সংবলিত একটি কার্ড পিডিএফ আকারে প্রদান করবে। ওই কার্ড প্রিন্ট করে গণমাধ্যমকর্মীরা নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য প্রয়োজনীয় আইনগত অনুমোদন পাবেন।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়