বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের অঙ্গীকার রক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে এবং জনগণের কষ্ট লাঘবের লক্ষ্যেই জনবান্ধব বাজেট পাস করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ধর্ম যার যার হলেও দেশের নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করে। অতীতে হিন্দু ধর্মাবলম্বীসহ অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিভাজনের রাজনীতি সৃষ্টি করা হলেও বাস্তবে দেশের জনগণকে আলাদা করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, নির্বাচনে নানা ষড়যন্ত্র মোকাবিলা করে হিন্দু ধর্মাবলম্বীরা জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, বাংলাদেশ সবার মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে এবং কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্রে এই ঐক্য বিনষ্ট করা যাবে না।
এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির সঙ্গে সংশ্লিষ্টদের বঞ্চিত করা হয়েছে। পাশাপাশি বর্তমান সরকার জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।